শ্রেণিকক্ষে এসে সময়মতো শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দিতে শিক্ষার্থীদের বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একইভাবে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক বলেন, ‘তোমরা সময়মতো ক্লাসরুমে এসে যদি দেখো শিক্ষক নেই, তোমরা আমাদের রিপোর্ট করবে, ছবি তুলে পাঠিয়ে দেবে। একইভাবে তোমরা যদি না থাকো, শিক্ষকেরাও তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেক জায়গায় আমি দেখেছি, শিক্ষকেরা সময়মতো ক্লাসে আসেন না। আবার অনেক জায়গায় দেখতে পাই, শিক্ষার্থীরা ক্লাসে আসে না।’
নাটোরে আসার সময় রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ পরিদর্শনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি এখানে আসার সময় একটি কলেজে গিয়েছিলাম। এক ক্লাসে গিয়েছি, একজন শিক্ষক আর একজন ছাত্র (শিক্ষার্থী)। আরেক ক্লাসে পেয়েছি একজন শিক্ষক ছয়জন ছাত্র (শিক্ষার্থী)। এই কলেজটিতে সরকার প্রতি মাসে ১৪ লাখ টাকা ব্যায় করে। কিন্তু সেখানে ছাত্রছাত্রী আসে না। বিশাল অট্টালিকা সরকার বানিয়ে দিয়েছে, শিক্ষকেরা তাদের (শিক্ষার্থীদের) ক্লাসে আনতে পারে না।’
এহছানুল হক বলেন, ‘আমি জিজ্ঞেস করেছিলাম এক শিক্ষককে, যিনি একজনকে (শিক্ষার্থী) নিয়ে বসে আছেন…। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার ছাত্ররা কোথায়? বললেন, তাপাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কোথায় ছাত্রছাত্রী? বললেন, তাপাচ্ছে। আমি বুঝতেছিলাম না।…পরে বুঝিয়ে বললেন, মাঠে রোদ পোহাচ্ছে। আমরা গরমে কোট খুলে ফেলছি, আর ওখানে পৌনে ১২টায় নাকি তাপাচ্ছে।’
মনে রাখতে হবে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশ করেছি। আমাদের পড়ালেখার বিষয় নির্ধারণকে গুরুত্ব দিতে হবে।
আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষামন্ত্রী
এ সময় শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বুঝতে হবে তাঁরা ছাত্রদের কাছে জিম্মি নন। তাঁরা সরকারের এমপিওভুক্ত শিক্ষক। অতএব তাঁদের সঠিকভাবে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নেই।’ তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা ক্লাসে প্রাইভেট পড়াতে পারবেন না, কোচিং করাতে পারবেন না। এ ধরনের কাজ যাঁরা করছেন বা করবেন তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় খোলার ক্ষেত্রে কারিগরি শিক্ষা অগ্রগণ্য
কলেজে নতুন বিভাগ খোলার অনুমোদন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী এহছানুল হক বলেন, জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করার জন্য যে বিষয়গুলো পড়ানো দরকার, সেই বিষয় খুলতে হবে। মন্ত্রণালয় সেই বিষয় অনুমোদন দেবে। এ ক্ষেত্রে কারিগরি শিক্ষা অগ্রগণ্য। তিনি বলেন, ‘মনে রাখতে হবে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশ করেছি। আমাদের পড়ালেখার বিষয় নির্ধারণকে গুরুত্ব দিতে হবে।’
কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর অনুরোধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিনিয়ত ভালো মানের শিক্ষক অবসরে চলে যাচ্ছেন। তাঁদের কাজে লাগানোর জন্য ‘রিটায়ার্ড টিচার্স স্কুল’ প্রতিষ্ঠার প্রস্তাব তৈরি করা হবে। প্রস্তাবটিতে প্রধানমন্ত্রীর অনুমোদন পেতে কাজ শুরু করা হবে। এই প্রস্তাবনায় অবসরে যাওয়া শিক্ষকদের নিজ নিজ এলাকার শিক্ষার মান উন্নয়নে কাজে লাগানো হবে।
নাটোরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে এহছানুল হক বলেন, নাটোরে বিশ্ববিদ্যালয় নিশ্চিতভাবে হবে। শিক্ষার্থীদের সংখ্যাদৃষ্টে (প্রায় ১৪ হাজার) এই কলেজে হোস্টেলও নির্মাণ করা হবে।
অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।





