অর্থনৈতিক অসচ্ছলতার কারণে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্য নিয়ে কাজ করছে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট। দরিদ্র, মেধাবী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গঠন ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ট্রাস্টটির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এ পর্যন্ত ৩৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বর্তমানে তাঁদের মধ্যে ৩০ জন নিয়মিত বৃত্তি পাচ্ছেন।
২০১৬ সালের ১১ জুলাই প্রতিষ্ঠিত মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ২০১৮ সালের ২২ নভেম্বর নিবন্ধিত হয়। ট্রাস্টটির প্রতিষ্ঠাতা ড. মো. মাহবুবর রহমান। তাঁর উদ্যোগে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি অভিভাবকত্বের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়।
প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে ড. মো. মাহবুবর রহমান বলেন, অনেক সম্ভাবনাময় দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী অর্থের অভাব, অভিভাবকহীনতা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। অন্যদিকে সমাজে এমন অনেক সামর্থ্যবান মানুষ রয়েছেন, যাঁরা এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে আগ্রহী। এই দুই পক্ষের মধ্যে স্নেহ, দায়িত্ববোধ, সহযোগিতা ও নিয়মিত যোগাযোগের ভিত্তিতে একটি সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই মোরাল প্যারেন্টিং ধারণার সূচনা।
ট্রাস্টের বর্তমান কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠাতা জানান, বর্তমানে তাঁদের সঙ্গে ১ হাজার ৭২৪ জন মোরাল চাইল্ড, ৬০৪ জন মোরাল প্যারেন্ট এবং ১০১ জন ক্যাম্পাস গার্ডিয়ান যুক্ত রয়েছেন। মোরাল চাইল্ডদের মধ্যে প্রায় ৫০০ জন পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন এবং তাঁদের অনেকে এখন আর বৃত্তি নিচ্ছেন না।
তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ৩০ থেকে ৩৫টি স্কুল-কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ কার্যক্রমের আওতায় রয়েছেন।
বৃত্তি ও অন্যান্য সহযোগিতা
ট্রাস্টের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। প্রতি দুই মাস অন্তর একটি সেশনে শিক্ষার স্তর অনুযায়ী ১ হাজার ১০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বৃত্তি পান শিক্ষার্থীরা। জুলাই ২০২৫ থেকে কার্যকর নির্ধারিত হার অনুযায়ী এ অর্থ প্রদান করা হচ্ছে। নির্বাচিত কোনো শিক্ষার্থী নিয়মবহির্ভূত কাজে জড়িত না হলে পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত বৃত্তি অব্যাহত থাকে।
শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে মাহবুবর রহমান বলেন, আবেদনকারীর পরীক্ষার ফলাফল, পারিবারিক অবস্থা ও আর্থিক প্রয়োজন বিবেচনা করে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। ক্যাম্পাস গার্ডিয়ান আবেদন যাচাই করে ট্রাস্টের কাছে পাঠান। পরে আগ্রহী মোরাল প্যারেন্টের মাধ্যমে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে চূড়ান্ত নির্বাচন করা হয়। বৃত্তি চালুর পরও শিক্ষার্থীদের ফলাফল ও পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়।
শুধু আর্থিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয় ট্রাস্টের কার্যক্রম। শিক্ষার্থীদের জন্য বর্তমানে ১২টি অনলাইন কোর্স, শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার, ‘১০০ বই পড়া’ কর্মসূচি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং জরুরি আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ‘স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থী ও তাঁদের পরিবারের আয়বর্ধক উদ্যোগে সহযোগিতা করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৬০০ পরিবার এ প্রকল্পের মাধ্যমে সহায়তা পেয়েছে।
তবে কার্যক্রম পরিচালনায় কিছু চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন প্রতিষ্ঠাতা। তাঁর মতে, পর্যাপ্ত মোরাল প্যারেন্ট না পাওয়া এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে প্রত্যাশিত অংশগ্রহণ না থাকা বর্তমানে বড় বাধা। অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে অনেক আবেদন এলেও প্রয়োজনের তুলনায় মোরাল প্যারেন্টের সংখ্যা কম হওয়ায় সবাইকে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।
মোরাল প্যারেন্টিংয়ের সামাজিক দর্শন তুলে ধরে তিনি বলেন, মানুষ যেন নিজের সন্তানের পাশাপাশি সমাজের অন্য সন্তানের প্রতিও ভালোবাসা ও দায়িত্ববোধ অনুভব করে, সেটিই তাঁদের প্রত্যাশা। একজন সামর্থ্যবান মানুষ যদি নিজের সন্তানের পাশাপাশি অন্তত একজন অসচ্ছল শিক্ষার্থীর দায়িত্ব নেন, তাহলে সমাজে মানবিক ও নৈতিক অভিভাবকত্বের চর্চা বিস্তৃত হবে। তাঁদের অনেক সাবেক মোরাল চাইল্ড ইতোমধ্যে মোরাল প্যারেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৮ শিক্ষার্থী পেয়েছেন বৃত্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সহকারী পরিচালক মো. ফজলে রাব্বি বলেন, ট্রাস্টের প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। জবিতে এ পর্যন্ত মোট ৩৮ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন। তাঁদের মধ্যে বর্তমানে ৩০ জন নিয়মিত বৃত্তি পাচ্ছেন।
আবেদন ও শিক্ষার্থী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির জন্য নির্দিষ্ট কোনো বার্ষিক আবেদন বা নির্বাচনের সংখ্যা নেই। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে আবেদন করেন। তাঁদের পরীক্ষার ফলাফল, আর্থিক অবস্থা ও প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করে যোগ্যদের বৃত্তি দেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রথমে ক্যাম্পাস গার্ডিয়ান নতুন আবেদন যাচাই করে শিক্ষার্থীর বিষয়ে পর্যবেক্ষণ ও সুপারিশ ট্রাস্টের কাছে পাঠান। পরে ট্রাস্ট কর্তৃপক্ষ পুনরায় তথ্য যাচাই-বাছাই করে বৃত্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়। নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি দুই মাস অন্তর বৃত্তির অর্থ প্রদান করা হয়।
ট্রাস্টের সহযোগিতায় বদলেছে আসমার স্বপ্নের পরিধি
মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আসমার গল্পও এ উদ্যোগের একটি উদাহরণ। তাঁর বাবা একজন অটোচালক এবং ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবার অসুস্থতা ও পরিবারের আর্থিক সংকটের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। ২০২২ সালে মাধ্যমিক ও ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বোর্ড বৃত্তি অর্জনের পাশাপাশি মাগুরা জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও পেয়েছিলেন তিনি।
আসমা বলেন, মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সহযোগিতায় এখন পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দিতে পারছেন। পড়াশোনার পাশাপাশি জাপানি ভাষার হিরাগানা ও কাতাকানা শেখার দুটি স্তর শেষ করেছেন এবং আইইএলটিএসের স্পিকিং অংশ সম্পন্ন করেছেন। এ ছাড়া বিতর্ক, পাবলিক স্পিকিং, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসমা বলেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখেন তিনি। ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করে তাঁর মতো অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চান। তাঁর ভাষায়, “মোরাল প্যারেন্টিং পরিবার আমাকে ছোট্ট কুঁড়েঘর থেকে আকাশচুম্বী স্বপ্ন দেখতে শিখিয়েছে। এই পরিবারের অবদান আমি কখনো ভুলব না।”
শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তা নয়, বরং দক্ষ, আত্মনির্ভরশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি ভবিষ্যতে সমাজের অন্য অসচ্ছল মানুষের দায়িত্ব নিতেও এগিয়ে আসবেন।





