ঢাকা | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র ১ জন শিক্ষার্থী পেলেন শিক্ষামন্ত্রী

রাজশাহীর পুঠিয়ায় আকস্মিক পরিদর্শনে গিয়ে বিড়ালদহ কলেজের শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে কলেজটি পরিদর্শনে গিয়ে শিক্ষার্থী উপস্থিতি ও শ্রেণি কার্যক্রমের এমন চিত্র দেখতে পান মন্ত্রী। এ সময় একজন শিক্ষার্থী পেয়ে নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ মন্ত্রী এর কারণ জানতে চাইতে চাইলে তিনি বলেন, ‘মেয়েরা পড়ে এখানে, মোট ১৫ জন স্টুডেন্ট।’

এ সময় মন্ত্রী প্রশ্ন করেন, ‘মেয়েরা আসে না?’ জবাবে শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’ একজন ছাত্রী নিয়ে ক্লাস করা প্রসঙ্গে আরেক শিক্ষক বলেন, ‘ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি। আমি নিয়মমতো এই সময়ে ঢুকছি।’

পরে শিক্ষামন্ত্রী জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না!’ জবাবে তিনি বলেন, ‘সাড়ে ১১টায় ক্লাস আছে। স্যারেরা ঢুকছেন, শিক্ষার্থীরা হয়তো বাইরে বাইরে থাকে। ’

শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে আসতে খুব অনীহা। তাদের ক্লাসে আনা যায় না। ফোন করে আনতে হয়।’ শিক্ষকের এসব জবাবে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।