ঢাকা | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেফতারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার সকালে রাজধানীর গুলশানে তার বাসায় যান গুলশান থানার ওই পুলিশ কর্মকর্তা। এ সময় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান।

পুলিশ কর্মকর্তা তাকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি বাসায় এসেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ খ্রিষ্টাব্দের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এ মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ খ্রিষ্টাব্দের ১৬ মার্চ মারা যান।

মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানিসংক্রান্ত ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।

তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতও এক আদেশে বিষয়টি উল্লেখ করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি। এর মধ্যেই স্থগিত থাকা মামলাটির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে মাহমুদুর রহমানের বাসায় যায় পুলিশ। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ খ্রিষ্টাব্দের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।

২০১০ খ্রিষ্টাব্দ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়। রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা এসব মামলা করেন। একাধিক মামলায় আদালতের রায়ও হয় এবং সাজা ভোগ করতে হয় মাহমুদুর রহমানকে। তিনি দুই দফায় দীর্ঘ সময় বিনা বিচারে কারাগারে ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পর শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় তাকে।

জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করেছে। এর মধ্যে আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য সংসদে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে এসব মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে।