ঢাকা | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী সন্ত্রাসীদের অরাজকতা ও নাশকতা জনগণ বরদাশত করবে না: আসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি কোর্ট এরিয়া ও রায়সাহেব বাজার মোড় হয়ে তাতীবাজার মোড় পাড় হয়ে ধোলাইখাল ঘুরে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠিত এ মিছিলে যুবদলের মহানগর দক্ষিণ ও বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের সময় নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের যুবসমাজ এবং জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির যেকোনো চেষ্টার বিরুদ্ধে যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।

আসলাম আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।

বক্তব্যের শেষে আসাদুজ্জামান আসলাম দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময়ে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।