বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেরই স্বপ্ন ইউরোপের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেয়া। তবে বিদেশে পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা থাকে অনেকের। সেই দুশ্চিন্তা কিছুটা কমাতে পারে ইতালির পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ের বৃত্তি। ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তির সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এ বৃত্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
বৃত্তির সুযোগ-সুবিধা
বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা পাবেন। খাবারের সুবিধা ছাড়া বছরে ৬ হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ১৭ হাজার পাবেন শিক্ষার্থীরা। এবং খাবারের সুবিধাসহ বছরে ৩ হাজার ইউরো বৃত্তি দেয়া হবে। এ ছাড়া রয়েছে প্রতিদিন এক বেলা বিনা মূল্যে খাবারের ব্যবস্থা, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার সুযোগ এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা। পাশাপাশি চিকিৎসাসংক্রান্ত সুবিধাও রয়েছে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
১৮৬৩ সালে প্রতিষ্ঠিত পলিটেকনিকো দি মিলানো ইউরোপের অন্যতম বৃহৎ কারিগরি বিশ্ববিদ্যালয়। প্রকৌশল, স্থাপত্য ও নকশাবিষয়ক শিক্ষা ও গবেষণায় বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে প্রতিষ্ঠানটির। বিশ্ববিদ্যালয়টিতে অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড আরবান স্টাডিজ, পদার্থবিজ্ঞান, গণিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সমৃদ্ধ ক্যাম্পাস জীবন। বিভিন্ন ক্লাব, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানে সহায়তার ব্যবস্থাও রয়েছে।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফি পরিশোধ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এ সময় প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে। মেধাভিত্তিক বৃত্তির জন্য বিবেচিত হতে প্রয়োজনীয় ভাষাগত দক্ষতার সনদও জমা দিতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, বৈধ পাসপোর্ট, মোটিভেশন লেটার বা আবেদনের উদ্দেশ্যসংবলিত চিঠি এবং প্রয়োজন অনুযায়ী ভাষাগত দক্ষতার সনদ।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। পাশাপাশি বৃত্তির যোগ্যতা, সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের শর্তাবলি যাচাই করে নিতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের জন্য আবেদন করা যাবে ২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ভিজিট করতে হবে পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://aunicalogin.polimi.it/aunicalogin/aunicalogin/controller/logout/SessioneTerminata.do?jaf_currentWFID=main&EVN_DEFAULT=evento।




