চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় সাত শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। পরে হলের আরেক কক্ষে তল্লাশির সময় দুই হাউজ টিউটরকে (আবাসিক শিক্ষক) দুই শিক্ষার্থী কর্তৃক ধাক্কা দেয়ার অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব তথ্যের ভিত্তিতে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়।
হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম জানিয়েছে, কক্ষটিতে মোট আট জনকে মাদক সেবনরত অবস্থায় সরাসরি পাওয়া যায়। এরমধ্যে একজন অতিথি, সাতজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে একজন অতীশ দীপঙ্কর হলের, একজন অনাবাসিক এবং বাকি ৫ জন ফরহাদ হলের। এসময় তাদের কক্ষ তল্লাশি করে গাঁজাসহ মাদকের বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।
পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন অভিযান পরিচালনাকারী শিক্ষকরা। একপর্যায়ে ওই কক্ষের দুই শিক্ষার্থী দুই হাউজ টিউটরকে ধাক্কা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
অভিযানে মাদক সেবনে অভিযুক্তরা হলেন, চবির ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মিত রেমা, একই শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন এবং সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। এছাড়া, কামরুল ইসলাম নামে ঢাকা থেকে আসা একজন অতিথিও সেখানে ছিলেন।মানচিত্র
অন্যদিকে, দুই হাউজ টিউটরকে ধাক্কা দেয়ার অভিযোগ উঠেছে ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক শহীদ ফরহাদ হোসেন হলের হাউজ টিউটর বাপ্পারাজ হাওলাদার বলেন, “অভিযানের সময় আমিসহ আমাদের এক হাউজ টিউটরকে ওই কক্ষের দুই শিক্ষার্থী ধাক্কা দেয়। এসময় তারা আমাদের সঙ্গে উগ্র আচরণ করছিল। তারা চাইছিল আমরা যাতে কক্ষে না ঢুকতে পারি।”
ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম বলেন, “অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। সরাসরি আমরা তাদেরকে মাদক সেবনরত অবস্থায় পাই। ইতোমধ্যে কক্ষটি সিলগালা করে দেয়া হয়েছে। এ হলে থাকা শিক্ষার্থীদের সিট বাতিল করা হচ্ছে।”
অভিযানে থাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “গান-বাজনার নাম করে তারা সেখানে মাদক সেবন করছিল। আমরা ওই কক্ষে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই। কাঁচা গাঁজা, বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ মাদকের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “আমরা বিষয়টা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটিকে জানাব, ডিসিপ্লিনারী কমিটিতে আমরা এটি রিপোর্ট করব। অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় আমাদের হাউস টিউটরকে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। পরে তারা এজন্য ক্ষমা চেয়েছেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, “অভিযুক্তদের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হলের সিট বাতিল করা হবে। এ বিষয়ে হল প্রভোস্ট সিদ্ধান্ত নেবেন। বাকি বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।”







