ঢাকা | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,৩ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে শীতকালীন ছুটি বাতিল, ছুটি মিলবে রমজানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শীতকালীন ছুটির পরিবর্তে পরবর্তী পবিত্র রমজান মাসে এ ছুটি দেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮১তম সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটির তারিখ ও সময় পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৩তম সভায় ওই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করে তা পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে যুক্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রমজান মাসের কোন সময়ে এ ছুটি দেওয়া হবে, তা ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি নির্ধারণ করবে।