ঢাকা | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,২৯ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদের জন্য ১০ লাখ ডলারের প্রতিযোগিতা ছাড়ল নাসা

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষার্থীদের যুক্ত করতে ১০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা প্রায়) বিশেষ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের হাইস্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে ভবিষ্যতের চন্দ্রঘাঁটির নকশা ও বিভিন্ন প্রযুক্তিগত সমাধান তৈরির সুযোগ পাবে। খবর এনডিটিভির।

গত রোববার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার ভিজিটর কমপ্লেক্সে আয়োজিত ‘ম্যাক্স পাওয়ার’ অনুষ্ঠানে ‘মুন বেস স্টুডেন্ট চ্যালেঞ্জ’ নামের এ প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়। নাসার ‘গোল্ডেন এজ অব সায়েন্স’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতাটি। এর লক্ষ্য, চাঁদে ভবিষ্যৎ মানব বসতি স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন সমস্যার সমাধানে তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণাকে কাজে লাগানো।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, সৃজনশীল চিন্তা, দলগত কাজ এবং জটিল সমস্যার সমাধানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতা একটি বড় সুযোগ। নাসার প্রকল্পে অবদান রাখতে শিক্ষার্থীদের স্নাতক শেষ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তাদের কৌতূহল ও নতুন চিন্তাভাবনাও ভবিষ্যতের মহাকাশ অভিযানকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।

নাসা বর্তমানে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে একটি স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ ঘাঁটিতে নভোচারীরা বসবাস, গবেষণা ও বিভিন্ন অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে পারবেন। চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানব অভিযান পরিচালনার প্রস্তুতিও এগিয়ে নেয়া সম্ভব হবে।

নাসার মুন বেস কর্মসূচির ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গ্যালান বলেন, চন্দ্রঘাঁটিতে বসবাস ও কাজ করতে যাওয়া নভোচারীদের সম্ভাব্য সব ধরনের প্রয়োজন বিবেচনায় নিতে চায় সংস্থাটি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নতুন ধারণা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই চাঁদে স্থায়ী মানব বসতির পরিকল্পনা করা হচ্ছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন ধারণা, নকশা ও সমাধান তৈরি করতে হবে। বিভাগগুলো হলো—

১. বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ

২. চন্দ্রপৃষ্ঠে অবকাঠামো নির্মাণ

৩. জীবনধারণ সহায়ক ব্যবস্থা

৪. চন্দ্রপৃষ্ঠে চলাচলের যান ও প্রযুক্তি

৫. যোগাযোগ নেটওয়ার্ক

৬. নভোচারীদের নিরাপত্তা

নাসার লক্ষ্য, এসব ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণার মাধ্যমে ভবিষ্যতের চন্দ্রঘাঁটির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের সম্ভাবনা খুঁজে বের করা। একই সঙ্গে প্রতিযোগিতাটি মহাকাশশিল্পে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনেও শিক্ষার্থীদের সহায়তা করবে।

যেভাবে অংশ নেয়া যাবে

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নাসার ‘এসটিইএম গেটওয়ে’ প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ২০২৭ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি।

প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগে থেকে বিশেষায়িত প্রকৌশল বা প্রযুক্তিগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। কারিগরি, বৃত্তিমূলক ও অন্যান্য শিক্ষাধারার শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের প্রকল্পভিত্তিক গবেষণা, নকশা প্রস্তাবনা এবং উপস্থাপনা তৈরি করতে হবে। এর মাধ্যমে তারা নিজেদের ধারণা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামনে তুলে ধরার সুযোগ পাবে।

নাসার ‘এসটিইএম’ এনগেজমেন্ট কার্যালয় এবং মুন বেস প্রোগ্রামের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি তৈরি করা হয়েছে। নাসার সেন্টার অব এক্সিলেন্স ফর কোলাবোরেটিভ ইনোভেশনের সঙ্গে চুক্তির আওতায় এটি পরিচালনা করবে ইনস্টিটিউট অব কম্পিটিশন সায়েন্সেস।