ঢাকা | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,২৯ কার্তিক ১৪৩৩

মোদিকে প্রশ্ন করে অস্বস্তিতে ফেলা সেই নারী সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

নরওয়েতে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় এসেছিলেন হেলে লিং নামে এক নারী সাংবাদিক। এবার হায়দরাবাদে ‘ভারত সম্মেলনে’ (ভারত সামিট) যোগ দিতে যাওয়ার আগেই তার ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

লিংয়ের দাবি, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ তার ভিসা বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, হায়দরাবাদে অনুষ্ঠেয় ভারত সম্মেলনে যোগ দিতে দেশটিতে যাওয়ার আগেই তার ভিসা বাতিল হওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানান হেলে লিং। পোস্টে নরওয়ের এই সাংবাদিক জানান, গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্যানেল সদস্য ও বক্তা হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভারত তার ভিসা বাতিল করে দিয়েছে।

I got a visa to India and was supposed to leave this morning to attend the Bharat Summit in Hyderabad. I had been invited as a panelist and speaker on the future of media and press freedom. But «orders from above» in the Ministry of Home Affairs have cancelled my visa. Here is my message for @AmitShah

— Helle Lyng (@HelleLyngSvends) November 11, 2026

প্রসঙ্গত, নরওয়ের রাজধানী অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্ন ঘিরে বিতর্কের পর আলোচনায় আসেন হেলে লিং।

অনলাইনে ছড়িয়ে পড়া চলতি বছরের মে মাসের ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লিং মোদিকে প্রশ্ন করছেন— ‘বিশ্বের সবচেয়ে মুক্ত সংবাদমাধ্যম’ বলে তিনি যে সংবাদমাধ্যমের কথা উল্লেখ করেছেন, সেখানকার সাংবাদিকদের প্রশ্নের জবাব মোদি কেন দেন না।

অর্থাৎ বিশ্বের সবচেয়ে মুক্ত সংবাদমাধ্যমের সাংবাদিকদের কেন প্রশ্ন করতে দেয়া হয় না; বা মোদি কেন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন না; সেটিই জানতে চেয়েছিলেন হেলে লিং। কিন্তু তখনও মোদি তার প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান।

পরে এক্সে দেয়া এক পোস্টে নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন লিং। তিনি লেখেন, রাজনৈতিক নেতাদের প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব। আর এই ঘটনায় সেসময় বিতর্কের পাশাপাশি মোদির সমালোচনাও হয়েছিল।

এ ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমবিষয়ক সচিব শিবি জর্জের এক সংবাদ ব্রিফিংয়েও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। সেখানে লিং বারবার ভারতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের বিশ্বাস করব কেন?’

এদিকে ভিসা বাতিলের পর এক্সে দেয়া একটি ভিডিওতে লিং বলেন, ‘ভারতের ভিসা পেয়েছিলাম। আজ সকালে হায়দরাবাদের ভারত সম্মেলনে যোগ দিতে আমার রওনা হওয়ার কথা ছিল। গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্যানেল সদস্য ও বক্তা হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর মহলের নির্দেশে আমার ভিসা বাতিল করা হয়েছে।’

অবশ্য নরওয়ের এই নারী সাংবাদিকের এই অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।