প্রযুক্তিনির্ভর সেবার যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিকাংশ কার্যক্রম অনলাইনে যুক্ত হলেও গ্রন্থাগারের জরিমানা পরিশোধে এখনও রয়ে গেছে পাঁচ দশকের পুরনো নিয়ম। গ্রন্থাগারে বই ফেরত দিতে ৮-৯ দিন দেরি হওয়ায় মাত্র এক টাকা জরিমানা গুনতে হয়েছে এক শিক্ষার্থীকে, আর সেই এক টাকা জমা দিতে তাকে সশরীরে যেতে হয়েছে ব্যাংকে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলা হক সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরলে তা নতুন করে আলোচনায় আসে।
পূজার ছুটির কারণে নির্ধারিত ২২ অক্টোবরের পরিবর্তে ৩ নভেম্বর বিজ্ঞান গ্রন্থাগারে বই জমা দিতে গেলে তাকে এক টাকা জরিমানা করা হয়। ডিজিটাল পেমেন্টের সুবিধা না থাকায় গ্রন্থাগারের নির্ধারিত ফরম নিয়ে টিএসসির জনতা ব্যাংক শাখায় লাইনে দাঁড়িয়ে এক টাকার কয়েন দিয়ে এই জরিমানা পরিশোধ করতে হয়। বিজ্ঞান গ্রন্থাগার থেকে ব্যাংকের দূরত্ব ও মাত্র এক টাকার জন্য ব্যাংকে যাওয়ার এই প্রক্রিয়াকে ভোগান্তিকর বলছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পরিচালক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল জানান, ১৯৭৫ সাল বা স্বাধীনতার আগ থেকেই এই নিয়ম চলে আসছে। সামান্য এই অর্থ ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে আদায়ের ব্যবস্থা করতে আসন্ন লাইব্রেরি কমিটির সভায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান।





