ঢাকা | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,১২ কার্তিক ১৪৩৩

গবেষণার মাঠ রক্ষায় এবার মেলার গেট-স্টল ভাঙচুর শেকৃবি শিক্ষার্থীদের

সচিবালয়ের স্থাপনার প্রাথমিক কাজে বাধার পরে এবার গবেষণা মাঠ রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) আন্দোলনের দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটে ভাঙচুর চালিয়েছেন। একইসঙ্গে আগামী ১২ ঘন্টার মধ্যে মেলার জন্য নির্মাণ করা স্টলগুলো সরিয়ে নিতে আল্টিমেটাম দেন। এর আগে গতকাল মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন, ক্যাম্পাসে গণজমায়েত ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা জানান, গবেষণার জন্য নির্ধারিত জমি ফেরত না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীরা একজন বলেন, ‘আমাদের ক্যাম্পাস এবং এর জমি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এর জন্য সাময়িক কিছু অসুবিধা হলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে তা মেনে নিতে সম্মত হয়েছি।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই জমিতে সচিবালয়ের ভবনের জন্য সয়েল টেস্ট চলছিল। ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল সয়েল টেস্টের সরঞ্জাম ও মেশিনারিজ জব্দ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে যায়। একই সঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের টাঙানো একটি সাইনবোর্ডও খুলে ক্যাম্পাসে নিয়ে যান তারা।

আজ বুধবার সকালে শিক্ষার্থীরা পুনরায় বাণিজ্য মেলা মাঠে যান। মেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ না করায় সেখানে ভাঙচুর চালান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে গত ১৫ অক্টোবর গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে দ্রুত হস্তান্তরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। একই দিনে মাঠটি ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেছিল বিশ্ববিদ্যালয় পরিবার।