প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত আপত্তিকর মন্তব্য করে আলোচনায় আসা এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। মন্তব্যটিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ও উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করে তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বিশেষ সফরে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি প্রটোকলের অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সড়কের দুই পাশে সমবেত সাধারণ মানুষের শুভেচ্ছা এবং ভালোবাসার জবাবে চলন্ত বাস থেকেই হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সাধারণ বাসে যাতায়াতের দৃশ্যটি নিয়ে পরবর্তীতে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে ছবিসহ পোস্ট করা হয়। ওই পোস্টে প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে বুলেটপ্রুফ বাস ব্যবহার না করে সাধারণ বাস ব্যবহারের বিষয় তুলে ধরে প্রশ্ন তোলা হয়। উক্ত পোস্টের মন্তব্য ঘরেই ওই বিতর্কিত মন্তব্যটি করা হয়, যা পরবর্তীতে পুলিশ ও স্থানীয় নেতাদের নজরে আসে।
পুলিশ জানিয়েছে, মন্তব্যকারী ব্যক্তির পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ওই পোস্টের মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
রাজশাহী মহানগর বিএনপির নেতারা মন্তব্যটির উদ্দেশ্য ও প্রেক্ষাপট তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এমন মন্তব্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে মন্তব্যটির সঙ্গে বাস্তব কোনো হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা প্রয়োজন। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
মহানগর বিএনপির সহসভাপতি আলী আশরাফ মাসুম জানান, ফেসবুকে এমন মন্তব্য দেখে তারাও উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, মন্তব্যটি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা খতিয়ে দেখা দরকার।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





