ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,৪ কার্তিক ১৪৩৩

স্কুলে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারিতে জড়ানো সেই শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। তাদের কর্মস্থলের মধ্যে দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার।

দুই শিক্ষক হলেন উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রী সহকারী শিক্ষক আছমা খাতুন।

রোববার (১৮ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষক আফজাল হোসেনকে উপজেলার বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেন। এর আগে ১৫ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকে কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার উত্তর প্রান্তে এবং কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দক্ষিণ প্রান্তে অবস্থিত। ফলে দুই শিক্ষকের নতুন কর্মস্থলের মধ্যে দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার।

গত ৫ অক্টোবর ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিডিয়োটি প্রকাশ্যে আসার ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে ওই দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ২০০৪ খ্রিষ্টাব্দে তাদের বিয়ে হয়। তাদের এক মেয়ে রয়েছে। উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।

প্রায় ১৪ বছর ধরে আফজাল হোসেন ও আছমা খাতুন আলাদা থাকছেন। পারিবারিক বিরোধের জেরে তাদের মধ্যে আদালতে মামলাও চলমান। দুজনই ২০১১ খ্রিষ্টাব্দের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের প্রভাব তাদের কর্মস্থলেও পড়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিদ্যালয়ে তাদের মধ্যে একাধিকবার প্রকাশ্যে ঝগড়ার অভিযোগও রয়েছে।