ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,৩ কার্তিক ১৪৩৩

বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

‘একটি শিশুও বিদ্যালয়ের বাহিরে থাকবে না’—মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, যে কোনো মূল্যে ক্লাস রুমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হবে, সেই লক্ষ্য পূরণে কাজ করছে সরকার।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: অগ্রগতি, মাঠপর্যায়ের বাস্তবতা ও আগামীর পথ-শীর্ষক’ একটি কর্মশালায় তিনি এমন মন্তব্য করেছেন।

এসময় তিনি বলেন, ‘২০২৮ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের বিষয়গুলো বাধ্যতামূলকভাবে যুক্ত করা হবে।’

লার্নিং উইথ হ্যাপিনেসের ধারণা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন শিক্ষা দর্শন হতে পারে উল্লেখ করে বলেন, ‘শিক্ষা কেবল মুখস্থবিদ্যা বা সার্টিফিকেট অর্জনের প্রতিযোগিতা নয়, বরং শিক্ষা হবে মানুষ হওয়ার শিল্প, নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক রাষ্ট্র নির্মাণের পথ। আর সে কারণেই সরকার যুগোপযোগী শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে।’