ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

অসুস্থ শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা রুমি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীলের পাশে দাড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি। শিক্ষার্থীর চিকিৎসা, প্লাটিলেট ব্যবস্থাপনা ও চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সংকট দেখা দিলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

বুধবার (১৪ অক্টোবর) তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন। এ সময় রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। হাসপাতাল কর্তৃপক্ষও রোগীর চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে দেবপ্রিয় অধিকারী নীলকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা ও দীর্ঘমেয়াদি ব্যয় নির্বাহ নিয়ে পরিবার আর্থিক সংকটের মুখে পড়ে।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীর চিকিৎসার খোজখবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমি। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রোগীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেন তিনি।

মোস্তাফিজুর রহমান রুমি বলেন,”জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের জায়গা। আমাদের কোনো শিক্ষার্থী যখন অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় জীবনযুদ্ধ করে, তখন তার পাশে দাড়ানো কেবল মানবিক দায়িত্ব নয়, বরং আমাদের পারস্পরিক ভালোবাসা ও ঐক্যের বহিঃপ্রকাশ।”

রুমি বলেন,”আমি আমার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা তার চিকিৎসার পথকে আরও সহজ করে তুলবে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ছাত্ররাজনীতির সবচেয়ে বড় পরিচয় ক্ষমতা নয়, মানবিকতা; সবচেয়ে বড় অর্জন পদ-পদবি নয়, মানুষের বিপদে পাশে দাড়ানো। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা যেন একজন শিক্ষার্থীর জীবন ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। আমাদের এই মানবিক ঐক্যই হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকৃত পরিচয়।”

রুমি আরও বলেন,” আসুন, আমরা সবাই মিলে নীলের সুস্থতার জন্য দোয়া করি এবং তার পরিবারের পাশে দাড়াই।”