ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষকের ছেলের চালানো গাড়ির ধাক্কায় অন্তত সাত শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে প্রক্টরকে কার্যালয়ে না পেয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এ সময় এক ঘণ্টার মধ্যে প্রক্টর উপস্থিত হয়ে সুস্পষ্ট জবাব না দিলে কার্যালয়ে তালা দেওয়ার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।
এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য ইসরাত জাহান ইমু বলেন, এক ঘণ্টার মধ্যে প্রক্টর উপস্থিত হয়ে নেওয়া পদক্ষেপের বিষয়ে সুস্পষ্ট জবাব না দিলে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবারের দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ীদের বিরুদ্ধে কী ধরনের আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে, তা জানতে তারা প্রক্টর কার্যালয়ে আসেন। তবে সেখানে প্রক্টরকে না পেয়ে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন তারা।
অবস্থানরত শিক্ষার্থীরা তাদের ৭ দফা দাবি জানিয়েছেন। তাদের ৭ দফা দাবি হলো: আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন, সিসিটিভি ফুটেজ দেখানো ও সংরক্ষণ, আসামির যথাযথ বিচার, মামলার ধরন ও অভিযোগপত্র সম্পর্কে নিশ্চয়তা, নিরাপদে যানবাহন চলাচলের দীর্ঘমেয়াদি নিশ্চয়তা, ক্ষতিগ্রস্ত সামগ্রীর ক্ষতিপূরণ ও অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) গেটের সামনে একটি গাড়ির ধাক্কায় সাতজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।





