বগুড়ায় স্কুলে শাসন করায় এক শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
জানা যায়, স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শরীরচর্চা শিক্ষক রায়হান ইসলাম। পথিমধ্যে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল ওই শিক্ষার্থী। শিক্ষক ওই স্থানে পৌঁছালে গাড়ি থামিয়ে কিছু বুঝে ওঠার আগেই গাছের ডাল দিয়ে তার মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছেন।
অধ্যক্ষ আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে আজ সকালে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।




