ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬,২৬ আশ্বিন ১৪৩৩

সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে এ বিষয়ে সুখবর না এলে ১৭ অক্টোবর শনিবার থেকে প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

রোববার (১১ অক্টোবর)জানিয়েছে এমপিওভুক্ত সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত ৯ অক্টোবর রাজধানীর শাহবাগে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকরা। ওই কর্মসূচি থেকে এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছিলেন সংগঠনের নেতারা।

শিক্ষকদের দাবি, গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালা অনুযায়ী, পূর্বে নিয়োগপ্রাপ্ত ইবতেদায়ি মৌলভী, ইবতেদায়ি শিক্ষক ও ইবতেদায়ি ক্বারীদের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন সাপেক্ষে ১৩তম গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে। তবে প্রশাসনিক জটিলতা ও আবেদনের সুযোগ না থাকায় তারা এ গ্রেডের জন্য আবেদন করতে পারছেন না।

সংগঠনটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, যোগ্যতা অনুযায়ী ১৩তম গ্রেড পাওয়ার জন্য অবিলম্বে মেমিস সফটওয়্যারে আবেদনের সুযোগ চালু করা। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ইবতেদায়ি শিক্ষার্থীদের মিড ডে মিল, উপবৃত্তি ও পোশাকসহ সমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষকদের অভিযোগ, এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি পূরণ না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।