ঢাকা | শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

প্রথম পেশাগত পরীক্ষা পেছানোর দাবি ঢাবি অধিভুক্ত মেডিক্যাল শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিক্যাল কলেজগুলোর প্রথম পেশাগত পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান তারা।

পরীক্ষার সময়সূচি নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, একাডেমিক সিস্টেম লস, হলের আবাসন সংকট এবং এসব কারণে বিভিন্ন সময়ে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের পক্ষে কাঙিক্ষত পর্যায়ের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এই অবস্থায় পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে পরীক্ষা কমপক্ষে দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান তারা।

তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে শিক্ষার্থীদের কাছে অপরাগতা প্রকাশ করেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ। জানান, বর্তমান পরীক্ষার সময়সূচি তিনি এককভাবে নির্ধারিত করেননি। সকল ফ্যাকাল্টি মেম্বারের সর্বসম্মতিক্রমে এটি চূড়ান্ত হয়েছে। তাই সময়সূচি পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজগুলোর অধ্যক্ষের লিখিত সম্মতি প্রয়োজন।

এদিকে বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক সিস্টেম লসসহ নানা কারণে তাদের শিক্ষাকার্যক্রমে যে ঘাটতি তৈরি হয়েছে, তা বিবেচনায় না নিয়ে তুলনামূলকভাবে দ্রুত প্রথম পেশাগত পরীক্ষা নেওয়া হলে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়বে। একাডেমিক ঘাটতি পূরণ না করেই পেশাগত পরীক্ষায় অংশগ্রহণ করা মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বলেও মনে করছেন তারা।

সাক্ষাতে ঢাকা মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও মুগদা মেডিক্যাল কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের এসএইচ-২০ ব্যাচের ক্লাস প্রতিনিধি জে কে এম মুবিন বলেন, আমরা আমাদের একাডেমিক সিস্টেম লসসহ যৌক্তিক সব কারণ ডিন স্যারের সামনে তুলে ধরেছি। তিনি বিষয়গুলো অনুধাবন করলেও জানিয়েছেন, এটি তার একক সিদ্ধান্তের বিষয় নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজগুলোর অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের লিখিত সম্মতিপত্র পাঠানো হলে তিনি আমাদের দাবিগুলো বিবেচনা করে দেখবেন।

তিনি বলেন, আমাদের প্রিন্সিপাল স্যার ও বিভাগীয় প্রধানগণ আমাদের সর্বোচ্চ অভিভাবক। আমরা আশা করছি, সম্মানিত শিক্ষকগণ আমাদের সমস্যাগুলো অনুধাবন করে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদের মুঠোফোনে কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের নভেম্বরে অনুষ্ঠাতব্য চার পেশাগত (প্রফ) লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় গত ৩০ সেপ্টেম্বর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ১ম, ২য়, ৩য় এবং চূড়ান্ত প্রফেশনাল এমবিবিএস লিখিত পরীক্ষা জুলাই ও নভেম্বর ২০২৬ (পুরাতন ও নতুন কারিকুলাম)-এর সময়সূচি।

সময়সূচি অনুযায়ী, প্রথম ও চূড়ান্ত পেশাগত পরীক্ষা আগামী ১ নভেম্বর শুরু হবে। এ ছাড়া দ্বিতীয় পেশাগত পরীক্ষা ২ নভেম্বর এবং তৃতীয় পেশাগত পরীক্ষা ৫ নভেম্বর শুরু হবে।