৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারে ইতিহাস বিভাগে প্রথম হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছিলেন নীলফামারীর মো. সোহেল রানা। অবশেষে গেজেটে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) ৪৯তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্টদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান হলো নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক আবু হোসেনের ছেলে সোহেল রানার।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। পিএসসির চূড়ান্ত ফলে সাময়িকভাবে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম ওই গেজেটে ছিল না। তাদের মধ্যে ছিলেন ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম হওয়া সোহেল রানা।
সোহেল রানা সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ খ্রিষ্টাব্দে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং ২০১৬ খ্রিষ্টাব্দে রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৯২ অর্জন করেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে ২০২০ খ্রিষ্টাব্দে সিজিপিএ ৩.৫৪ নিয়ে স্নাতক এবং ২০২১ খ্রিষ্টাব্দে সিজিপিএ ৩.৫৬ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেন তিনি।
এ বিষয়ে সোহেল রানা বলেন, আলহামদুলিল্লাহ, আমার মনের সর্বোচ্চ যে চাওয়া, সেটি পূর্ণ হয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা। সকলে আমার জন্য দোয়া করবেন।






