নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে কে বা কারা।
সোমবার (০৫ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে নলডাঙ্গা থানাধীন ৪নং পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মুয়াজ্জিনের নাম মো. সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের সময় মসজিদে আজান শুরু করেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা গিয়ে দেখেন মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মোয়াজ্জিন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। থানা পুলিশ কর্তৃক প্রাথমিক অনুসন্ধান অব্যাহত আছে।আর ভিকটিমের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।







