ঢাকা কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে মশক নিধন কর্মসূচি করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা ।
আজ রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় কলেজের বিজয় চত্তর থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় ছাত্রশিবিরের শাখা সভাপতি মোস্তাকিম আহম্মেদ সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সানি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহম্মেদ বলেন, আমাদের ক্যাম্পাসের হল ও মেসগুলোতে ইদানীং অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। শুধু শিক্ষার্থীই নয়, অনেক সাধারণ মানুষও এতে আক্রান্ত হচ্ছেন। আমরা চাই না ক্যাম্পাসে ডেঙ্গুর মতো এই মহামারি বিস্তার লাভ করুক বা শিক্ষার্থীরা কোনো দুর্ভোগের শিকার হোক। তাই ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখতে ও রোগ প্রতিরোধে আমাদের আজকের এই উদ্যোগ।
তিনি আরো বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো এই কর্মসূচির মাধ্যমে সবাইকে সচেতন করা। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। আজকের অভিযানের মাধ্যমে আমরা এ ধরনের জমে থাকা পানি ও মশার প্রজননস্থলগুলো ধ্বংস করব। সাধারণ শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় কাজগুলো সম্পন্ন করব। ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সেক্রেটারি সামিউল ইসলাম সানি বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজনস্থল ধ্বংস ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান হিসেবে আমরা আজকে আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি। গত কিছুদিন বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গাতে পানি জমার ফলে এডিস মশার যে লার্ভা জন্ম নিয়েছে এবং সেই লার্ভা থেকে এডিস মশার জন্ম হচ্ছে। এর মাধ্যমে ক্যাম্পাসে বা ঢাকা শহরে ডেঙ্গু মহামারীর আকার ধারন করেছে।
তিনি আরো বলেন, আমাদের ক্যাম্পাসে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ভালো ব্যবস্থা না থাকার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সমস্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা ছাত্র সংগঠন হিসেবে আজকে এই অভিযান শুরু করছি।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নিয়মিত মশা নিধন কর্মসূচি চালু রাখারও আহ্বান জানান।






