ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,৩১ আশ্বিন ১৪৩৩

নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে প্রচার শাস্তিযোগ্য অপরাধ: ইউজিসি

নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, মন্তব্য বা তথ্য প্রকাশ ও শেয়ার করা শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে হুঁশিয়ারি দেয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে আরো বলা হয়, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের সমর্থনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, মন্তব্য ও তথ্য প্রকাশ বা শেয়ার করা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ১৯৮৭-এর ধারা ২২(৩) এবং সরকারি আইন ও বিধিমালার পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ইউজিসি ভবনে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া সানাউল্লাহ নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।