ঢাকা | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,১৫ আশ্বিন ১৪৩৩

চুয়েটে ৯ম দিনের আন্দোলন, সায়েমকে পুনর্বহালের দাবিতে চোখ বেঁধে মিছিল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে তারা টানা নবম দিনের মতো আন্দোলন করছেন। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি।

তাদের ভাষ্য, প্রশাসনের এই নীরবতার প্রতীকী প্রতিবাদ হিসেবেই চোখে কালো কাপড় বেঁধে মিছিল করা হয়েছে। চোখ বেঁধে মিছিলের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন, শিক্ষার্থীদের দাবি ও চলমান আন্দোলনের বিষয়ে প্রশাসন যেন চোখ বন্ধ করে আছে।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থার অবসান করার আহ্বান জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগের পর থেকে তাকে প্রত্যাহার এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন, বিক্ষোভ মিছিল, অবস্থান ও বিভিন্ন প্রতীকী কর্মসূচি পালন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। কর্মসূচির মাধ্যমে দ্রুত তাদের দাবির বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।