সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬ জন সহকারী শিক্ষককে বদলি ও বিভিন্ন বিদ্যালয়ে সংযুক্তি দেওয়া হয়েছে। জাতীয় কমিটির সুপারিশ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ আদেশ জারি করা হয়। অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এই আদেশ কার্যকর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক মোঃ বাহীদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি-সংযুক্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় কমিটির সুপারিশ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৯ সেপ্টেম্বর প্রশাসনিক অনুমোদনের পরিপ্রেক্ষিতে উল্লিখিত সহকারী শিক্ষকদের নামের পাশে বর্ণিত বিদ্যালয়ে বদলি-সংযুক্তি-সংযুক্তির মেয়াদ বৃদ্ধি শর্ত মোতাবেক নির্দেশ দেয়া হলো।
বদলির ক্ষেত্রে শর্তগুলো: কর্মরত বিদ্যালয়ে পাঁচ জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত থাকলে আদেশটি প্রতিস্থাপন সাপেক্ষে কার্যকর হবে। বদলিকৃত বিদ্যালয়ে শূন্য পদ না থাকলে আদেশটি সংযুক্তি হিসেবে (পরবর্তী ১ বছরের জন্য) গণ্য হবে। সেক্ষেত্রে সংযুক্তিকৃত বিদ্যালয়ে ইতোমধ্যে তিন জন বা তার অধিক শিক্ষক সংযুক্ত থাকলে এ আদেশটি বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে নতুনভাবে আবেদন করতে হবে।
সংযুক্তির ক্ষেত্রে শর্তগুলো: কর্মরত বিদ্যালয়ে পাঁচ জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত থাকলে আদেশটি প্রতিস্থাপন সাপেক্ষে কার্যকর হবে। সংযুক্তিকৃত বিদ্যালয়ে ইতোমধ্যে তিন জন বা তার অধিক শিক্ষক সংযুক্ত থাকলে এ আদেশটি বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে নতুনভাবে আবেদন করতে হবে। সংযুক্তির ক্ষেত্রে মেয়াদ হবে যোগদানের তারিখ হতে এক বছর।







