শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলিত টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এবার কারাগারে এক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। ঘটনা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের। অভিযুক্তরা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহীন উদ্দিন ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিম।
গত রোববার বিশ্বম্ভরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হকের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদলত। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২৪ খ্রিষ্টাব্দের শুরুর দিকে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ের সেশন ফি, পরীক্ষা ফি, টিউশন ফি ও ছাত্র-ছাত্রীদের বেতন স্কুলের সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক একাউন্ট শাখায় জমা করে। পরে মিটিংয়ের সিদ্ধান্ত ছাড়াই বিদ্যালয়ের খরচের নামে প্রায় ৫ লাখ ১৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেন। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক পবিত্র ভূষণ সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন উদ্দিন ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিমসহ কয়েকজনের বিরুদ্ধে স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় ২০২৪ খ্রিষ্টাব্দে মামলা দায়ের করেন।
পরবর্তীতে আদালত গোয়েন্দা পুলিশকে অধিকতর তদন্ত করে প্রতিবেদন জমাদানের আদেশ দিলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক হযরত আলী গত ১৯ আগস্ট আদালতে প্রতিবেদন জমা দেয়। এদিকে গত রোববার আদালতে জামিন নিতে আসেন দুই অভিযুক্ত। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী পবিত্র ভূষণ সরকার জানান, শিক্ষার্থীদের টাকা আত্মসাতের মামলায় তদন্ত প্রতিবেদনে তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্তকারী কর্মকর্তা আর তদন্ত রিপোর্ট ও আদালতে জমা দিয়েছেন। রোববার আদালত জামিন চাইলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।






