রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় ‘আঞ্চলিক দুই সংগঠনের’ গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তার হাত থেকে গুলি বের করা হয়।
গুলিবিদ্ধ কছমিতা ত্রিপুরা (৮) মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
নাম গোপন রাখার শর্তে কয়েকজন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন দিন ধরে ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী এলাকায় আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে।
স্থানীয় কার্বারী (পাড়া প্রধান) মতেন্দ্র ত্রিপুরা জানান, আঞ্চলিক সংগঠনের যুদ্ধাবস্থার মধ্যে বলির পাঠা হতে হচ্ছে সাধারণ স্থানীয় মানুষকে। পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। খেটে খাওয়া জুমচাষী পরিবারগুলো না পারছে জুমে গিয়ে কাজ করতে, না পারছে চলাফেরা করতে। এমন অবস্থায় হাটবাজার না করতে পেরে খাদ্যসংকট দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ শিশুর ছবি পেয়েছি, তবে এখনো তাকে পাইনি।’






