ভুয়া ও জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি এক চিঠির মাধ্যমে আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তাদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষক সবাই বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেছিলেন। জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের জন্য উপস্থিত হওয়ার সময় তাদের বিএড সনদের মূল কপি, এক সেট সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ বরাবর দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযোগ ছিল, এ প্রতিষ্ঠানে অনেক শিক্ষক ভুয়া সনদে চাকরি করছেন। এরই পরিপ্রেক্ষিতে বেশকিছু নথি পাওয়া সাপেক্ষে সম্প্রতি দুদক অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে।
দুদকের চিঠিতে বলা হয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভুয়া ও জাল সনদ ব্যবহার করে শিক্ষকতা-চাকরি করার অভিযোগ রয়েছে। এটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ২৩ শিক্ষকের বক্তব্য জানা প্রয়োজন। এ বিষয়ে ওই শিক্ষকদের নামের তালিকাসহ ইস্যু করা নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা সময়ে তাদের সনদসহ অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়। কোনো শিক্ষক জরুরি কোনো কারণে উপস্থিত হতে ব্যর্থ হলে তার বিএড সনদের মূলকপি ও এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অধ্যক্ষের জিম্মায় রাখার জন্য বলা হয়েছে।






