সন্দেহভাজন ভারতীয় পেশাদার গুপ্তচর রবিউল ইসলামকে মুক্ত করে ভারতে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি। জুলকারনাইন সায়ের বৃহস্পতিবার রাতে তার এক ফেসবুক পোস্টে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন।
তিনি জানান, বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে আটক ভারতীয় গুপ্তচর রবিউল ইসলাম রবির কাছে পাওয়া ভারতীয় আধার ও প্যান কার্ডে তার জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ০১/০১/১৯৮২; তবে তার সঙ্গে থাকা পাসপোর্টে জন্মতারিখ হিসেবে লেখা রয়েছে ০৯/০৪/১৯৮১। আবার, ২১ জুন ২০২৬-এ রবিউল ইসলাম যে পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করেছেন, সেই পাসপোর্টে জন্মতারিখ ০২/০৫/১৯৮৫।

প্যান কার্ড ও আধার কার্ডে এক জন্মতারিখ এবং পাসপোর্টে ভিন্ন জন্মতারিখ—আবার একই সময়ে ভিন্ন জন্মতারিখযুক্ত দুটি পৃথক পাসপোর্ট একজন ভারতীয় নাগরিক বহন করতে পারেন কি না, তা জানতে একাধিক ভারতীয় সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায় যে এটা একেবারেই অসম্ভব। তবে ব্যক্তি যদি বিশেষ কোনো সংস্থায় কর্মরত থাকেন, তবে তা সম্ভব হতে পারে।
নিকট অতীতে এই রবিউল ইসলাম রবি দীর্ঘ সময় ভারতীয় অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার (আইবি) হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর নজরদারি করেছেন বলে ভারতীয় সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে। অরবিন্দ কেজরিওয়ালের দল ‘আম আদমি পার্টি’ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার প্রকাশ্যে তাদের উৎকণ্ঠাও প্রকাশ করেছিল।

তিনি আরও উল্লেখ করেন, রবিউল ইসলাম রবি অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ হয়ে তার ‘ইনার সার্কেল’-এর তথ্য সংগ্রহ করতেন বলে জানা যায়। ‘হিন্দুস্তান টাইমস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে অরবিন্দ কেজরিওয়ালের গাড়ির পাশে রবিকে দেখা যায়।

জুলকারনাইন সায়ের জানান, ইতোমধ্যে বিভিন্ন উপায়ে এই পেশাদার গুপ্তচরকে মুক্ত করে ভারতে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানা গেছে। আশা করি, সরকারের যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ রয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৬০ নম্বর বাসার নিচতলা থেকে ভারতীয় গুপ্তচর রবিউল ইসলামকে আটক করে ডিবি রমনা বিভাগ। পরবর্তীতে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায়।





