রাজশাহী পদ্মা সরকারি কলেজে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিবিরের তিনজন ও ছাত্রদলের দুজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সরকারি কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে কলেজ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে সংঘর্ষের পর ছাত্রশিবিরের নেতাকর্মীদের নগরীর রাজপাড়া থানার মোড়ে এবং ছাত্রদলের নেতাকর্মীদের পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে অবস্থান নিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজে ভর্তি কার্যক্রম কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি হেল্পডেস্ক স্থাপন করা হয়। মঙ্গলবার সকালে সেখানে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
শিবিরের রাজশাহী শাহ মখদুম থানা সভাপতি তানভীর মাহতাব বলেন, ভর্তি কার্যক্রমে সহযোগিতার জন্য গত তিনদিন ধরে তারা কলেজে হেল্পডেস্ক পরিচালনা করছিলেন। প্রথম দিন কথা কাটাকাটি হলেও পরদিন শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার সকালে হেল্পডেস্কের ব্যানার টাঙানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা সেটি ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।
তানভীর মাহতাবের দাবি, ব্যানার ছেঁড়ার প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হলে শিবিরের তিনজন আহত হন। এ ঘটনায় তিনি নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা দাবি করেন।
অন্যদিকে, পদ্মা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, শিবিরের নেতাকর্মীরা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করলে তারা তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
তার দাবি, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রশিবিরের ৩০-৪০ জন নেতাকর্মী কলেজে প্রবেশ করে ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হলে তাদের দুজন আহত হন।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব লিমন বলেন, কোনো ক্যাম্পাসে এ ধরনের ঘটনা হতে দেওয়া হবে না। শিবিরের নেতাকর্মীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে।
রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ইমরান নাজির বলেন, ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য পদ্মা সরকারি কলেজে গত দুদিন ধরে ছাত্রশিবিরের হেল্পডেস্ক চলছিল। আজ ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে হেল্পডেস্কে হামলা করে ব্যানার ছিঁড়ে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং এতে ছাত্রশিবিরের তিনজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সহযোগিতার স্বার্থে তারা হেল্পডেস্কটি স্থাপন করেছিলেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সব পক্ষের সমানভাবে শিক্ষার্থীদের সহযোগিতার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, পরে আহতদের দেখতে উভয় পক্ষের নেতাকর্মীরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে ছাত্রদলের নেতাকর্মীরা এবং ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হাসপাতালে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, সকালে শিবির-ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি শান্ত। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।






