পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে এদিন স্কুল-কলেজে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দিবসটির তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত হওয়ায় ছুটির তারিখও এক দিন এগিয়ে আনা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০ মে জারি করা প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
এদিকে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ২৩ সেপ্টেম্বর ক্লাস ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৪ সেপ্টেম্বরের নির্ধারিত ছুটি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে।
ফাতেহা-ই-ইয়াজদাহম কী
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ। এর অর্থ ১১। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখের ফাতেহা শরিফকে বোঝানো হয়।
সুফি সাধক হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে দিনটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে ধর্মীয়ভাবে পালন করা হয়। ১১ রবিউস সানি তাঁর ওফাত দিবস হিসেবে স্মরণ করা হয়। দিবসটি অনেকের কাছে ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।
চাঁদ দেখার ওপর নির্ভর করায় প্রতিবছর ইংরেজি ক্যালেন্ডারে ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ পরিবর্তিত হয়। এ বছর বাংলাদেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটি ২৩ সেপ্টেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়।




