ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে চার দফা দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি থেকে এসব দাবি জানান তাঁরা।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার নিষ্পত্তি ও ফাঁসি কার্যকর;
২. কুমিল্লা পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ওসিদের প্রত্যাহার;
৩. কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন;
৪. দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপের পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন কুবি শিক্ষার্থীরা। এ সময় তাঁরা অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’, ‘খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই’ এবং ‘আজকে অপ্রতিম, কালকে কার পালাসহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতিতে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই অপ্রতিমকে দাফন করা হয়।
উল্লেখ্য, অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে। অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।





