ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,২৯ আশ্বিন ১৪৩৩

মেঘমল্লার বসু ঢাকা মেডিকেলের আইসিইউতে

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) তাকে আইসিইউতে নেয়া হয়।

হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘চিকিৎসকরা মনে করেছেন তাকে আইসিইউতে নেয়া দরকার। বিকেল থেকে তার শারীরিক অবস্থা একটু খারাপ যাচ্ছিলো এই কারণেই চিকিৎসকরা সেখানে দিয়েছেন।’

সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে তাকে উদ্ধার করে গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার পরিচিত লোকজনরা ।

প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল।

হাসপাতাল থেকে বলা হয়েছে, পয়জনিং জনিত কারণে গতকাল রাতে তার পাকস্থলী ওয়াশ করা হয়েছিল।