রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে রিমান্ডে শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের জামিন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন৷
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর এ তথ্য নিশ্চিত করেন।
কারাগারে পাঠানো ওই নেতারা হলেন, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসেন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ।
এর আগে, গত ২৮ আগস্ট রাতে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কের বলাকা ভবনের সামনে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৯ আগস্ট মো. সুমন নামের এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩০ আগস্ট আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন। ওইদিন আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এক দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন।
আটক রাখার আবেদনে বলা হয়, এক দিনের জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনার বিষয়ে বেশ-কিছু তথ্য দিয়েছেন। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। আসামিরা জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতকসহ মামলার তদন্তে বিঘ্ন ঘটনার সমূহ সম্ভবনা রয়েছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিদের জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।
এ সময় আসামি পক্ষের আইনজীবী আব্দুল রহমান আগামীকাল (মঙ্গলবার) জামিন শুনানির জন্য আবেদন করেন। নিবেদন মতে আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। গত ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরে তিনি বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওই দিন রাত ৮টার দিকে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকার গ্রহণ করেন। এরপর ভাড়া করা একটি মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামেন। মাইক্রোবাস থেকে নামতেই আসামিরা তাদের ঘিরে ধরেন। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের কাছে বোমা রয়েছে-এমন অভিযোগ তুলে মারধর করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আসামিরা। এ সময় আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ (৪০), বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন (২৭), সাধারণ সম্পাদক আল আমিন শান্ত (২৭) ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে (৩২) আসামি করা হয়।






