ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চর্তুথ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরমপূরণের চলমান কার্যক্রম স্থগিত করা হয়েছে ।
আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় উপাচার্যের ৩১ আগস্ট ২০২৬ তারিখের আদেশ মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ (সাত) কলেজের ২৭ আগস্ট ২০২৬ তারিখের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের মেমোর মাধ্যমে প্রকাশিত ২০২৫ সনের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরমপূরণের চলমান কার্যক্রম স্থগিত করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী বলেন, অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিলাপ স্থগিতের নোটিশটি আজই প্রকাশ করা হয়েছে। এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আগামী এক -দুই দিনের মধ্যে এ বিষয়ে কিছু প্রস্তাবনা পাঠানোর কথা রয়েছে। এরপর সংশ্লিষ্ট সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ফর্ম ফিলাপের কার্যক্রম পুনরায় শুরু হবে তা নির্ধারণ করা হবে। আপাতত সে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে খুব দ্রুতই আবার ফর্ম ফিলাপের নোটিশ প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।





