বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট আগামী ৩১ আগস্টের মধ্যে প্রকাশ না হলে ১ সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে আগামী ২ অক্টোবর প্রজাতন্ত্রের সব কর্মচারীকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবন গুলশান অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকাল ১০টায় নিজ নিজ দপ্তরের মূল ফটকে ৩০ ত্রিশ মিনিট অবস্থান ও অফিস প্রধানের নিকট স্মারকলিপি প্রদান; ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ঘটিকার সময় নিজ নিজ দপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান; ১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে; ২ অক্টোবর প্রজাতন্ত্রের সব কর্মচারীদের ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবন গুলশান অভিমুখে পদযাত্রা।
লিখিত বক্তব্য আরো জানানো হয়, এই সংগঠনের উদ্যোগে সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত ‘বৈষম্যহীন ৯ম পে-স্কেল’ এর দ্রুত গেজেট প্রকাশের জন্য গত ১০ আগষ্ট সময় বেধে দেয়া হয়েছিল। অন্যথায় ২১ আগষ্ট প্রতিনিধি সভা এবং কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘোষণানুযায়ী আজ ২১ আগস্ট বিকেল ৪টার সময় জাতীয় প্রেসক্লাবে এক প্রতিনিধি সমাবেশ ও কর্মসূচি ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





