ঢাকা | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,৫ ভাদ্র ১৪৩৩

৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনরে ভোট আজ

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন বাংলাদেশে ২৩তম রাষ্ট্রপতি।

এর আগে সবশেষ ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার পর আয়োজন হয়েছিল এ নির্বাচন।

এরপর আরও আটবার রাষ্ট্রপতি নির্বাচন হলেও ক্ষমতাসীন দলের মনোনয়নে একক প্রার্থী থাকায় সেগুলোতে ভোট অনুষ্ঠিত হয়নি।

এবার রাষ্ট্রপতি পদের জন্যে মনোনয়ন জমা দিয়েছেন দুইজন প্রার্থী। ক্ষমতাসীন বিএনপি সরকারের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলটির মহাসচিব এবং সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি’র চেয়ারম্যান অলি আহমদ। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী, যদিও জোট থেকে প্রথমে রাষ্ট্রপতি পদে কোনো প্রার্থী না দেয়ার কথা বলা হয়েছিল।

সাবেক সামরিক কর্মকর্তা অলি আহমদ একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে সেখান থেকে বেরিয়ে তিনি আলাদা দল করেন এবং সবশেষ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে জোট করেন মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংসদকক্ষে চলবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া।

এতে মোট ভোটার থাকবেন ৩৪৯ জন।

প্রসঙ্গত, আদালতের নির্দেশে চট্টগ্রাম-চার আসনের ফলাফল ঘোষণা না হওয়ায় মোট সংখ্যার চেয়ে একজন ভোটার কম আছেন।

তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য তার দলের বিপরীতে গিয়ে কাউকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।

ফলে ২০৯ জন সংসদ সদস্য নিয়ে দুই-তৃতীয়াংশ আসন পাওয়া বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, তা প্রায় নিশ্চিত।

শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা জানিয়েছেন সংসদের চিফ হুইপ।