ঢাকা | বুধবার, ১৯ আগস্ট ২০২৬,৪ ভাদ্র ১৪৩৩

শিক্ষক-কর্মকর্তাদের ফেসবুক ব্যবহার তদারকিতে মাউশির মনিটরিং কমিটি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি নিয়ম মেনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন কি না, তা সরাসরি তদারকিতে মাঠে নেমেছে বিশেষ মনিটরিং কমিটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক ও সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং কমিটির আহ্বায়ক প্রফেসর টিপু সুলতান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশিকা ও আচরণবিধি যথাযথভাবে পালন করা বাধ্যতামূলক। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশিকার পরিমার্জিত সংস্করণের আলোকে শিক্ষা পরিবারের সদস্যরা সঠিক নিয়ম মেনে চলছেন কি না, তা পরীবীক্ষণের লক্ষ্যেই মাউশি অধিদপ্তর এই সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি গঠন করেছে।

মাউশি পরিববারে কোনো সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশিকাপরিপন্থী, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য কিংবা দাপ্তরিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে- এমন কোনো স্ট্যাটাস, মন্তব্য, ছবি, ভিডিও বা কনটেন্ট প্রকাশ করলে তা নজরে আসার সঙ্গে সঙ্গে কমিটিকে অবহিত করতে বলা হয়েছে। এ ধরনের বিষয় নজরে এলে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে কমিটির আহ্বায়কের ইমেইলে (director.mew@gmail.com) তা জানানোর নির্দেশনা দেয়া হয়।

অভিযোগ জানানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বা শিক্ষকের নাম, পদবি, কর্মস্থল এবং ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক স্পষ্ট করে উল্লেখ করতে হবে। একই সঙ্গে বিতর্কিত পোস্ট বা স্ট্যাটাসের স্ক্রিনশট, প্রকাশের নির্দিষ্ট তারিখ ও সময়সহ অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণাদি সংযুক্ত করে ই-মেইলের মাধ্যমে কমিটিকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।