ঢাকা | শনিবার, ৮ আগস্ট ২০২৬,২৪ শ্রাবণ ১৪৩৩

শিক্ষাঙ্গনে গঠনমূলক রাজনৈতিক চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ জরুরি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেছেন, শিক্ষাঙ্গনে গঠনমূলক রাজনৈতিক চর্চা, তরুণদের অংশগ্রহণ এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গতকাল শুক্রবার টিএসসি মিলনায়তনে ঢাবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে এ আয়োজন হয়।

শনিবার (৮ আগস্ট) ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

ঢাবি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, মডারেটর অধ্যাপক ড. আমিরুস সালাত, সাবেক সভাপতি খাদেমুল করিম ইকবাল ও সাবেক সাধারণ সম্পাদক মুনির উদ্দিন আহামেদ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন। ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত।

‘জুলাই ২০২৪-এর স্মৃতিচারণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যাশা’ প্যানেল আলোচনায় অংশ নেন ঢাবি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আদনান মুস্তারি, সাবেক সভাপতি অর্পিতা গোলদার, ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। প্যানেল আলোচনা সঞ্চালন করেন খাদেমুল করিম ইকবাল।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করে বলেন একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ নির্মাণে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ঢাবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে একটি প্রদর্শনী বিতর্কও অনুষ্ঠিত হয়। বিতর্কের প্রস্তাবনা ছিল ‘এই সংসদ মনে করে জুলাই সফল।’ প্রদর্শনী বিতর্কে অংশ নেন ঢাবি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ মো. আরমান, সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা আজাদ, সাবেক সহ-সভাপতি মাইশা মালিহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফাহিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম আক্তার আলিফ নাবিলা এবং সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারিহা নওশীন।

বিতর্কে জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন, এর রাজনৈতিক ও সামাজিক প্রভাব, প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রা নিয়ে যুক্তিনির্ভর আলোচনা উঠে আসে। বিতার্কিকরা জুলাইয়ের ঘটনা প্রবাহকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করেন।