চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হতে যাচ্ছে। এর মাধ্যমে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থীর দীর্ঘ আড়াই মাসের প্রতীক্ষার অবসান ঘটছে।
সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত ২০ জুলােই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদরাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সব বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। স্ব স্ব বোর্ডের ফল স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি দুটি কমন ওয়েবসাইট eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd-এর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
এসএমএসে ফল জানা যাবে যেভাবে
মোবাইল ফোনে যে কোনো সিম ব্যবহার করে এসএমএস পাঠানো যাবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে YEAR লিখে 16140 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
উদাহরণস্বরূপ- কেউ যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হয়, তাকে SSC DHAROLLYEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। আবার কেউ যদি মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী হয়, তাকে ফল পেতে SSC MAD ROLL YEAR লিখতে হবে।
আর কারিগরি বোর্ডের জন্য SSC TEC ROLL YEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। প্রতিটি SMS-এর জন্য ১.৩৯ টাকা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।





