ঢাকা | রবিবার, ১৯ জুলাই ২০২৬,৪ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনাল: ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিফা বিশ্বকাপ ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ৬টা পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অতিথিদের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। একই সঙ্গে যানবাহনের প্রবেশ ও চলাচলও নিয়ন্ত্রিত রাখতে হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপলক্ষে আগামী ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ৬টা পর্যন্ত ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ এবং যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন (যেমন: অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্যান্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে।