বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যুব সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাশিয়ান হাউস ইন ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) আয়োজিত এ সম্মেলনে ২০২৬ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হয় এবং আগামী দিনের বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা ও যুব কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
অনুষ্ঠানে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় বলেন, বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষাগত সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের বৃত্তির সংখ্যা ২০১৮ সালের ৬৫টি থেকে বেড়ে ২০২৬ সালে ২০০টি তে উন্নীত হয়েছে। ফলে আরও বেশি শিক্ষার্থীর জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে রাশিয়ান সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন রাশিয়ায় উচ্চশিক্ষা, আবাসন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বর্তমানে মস্কোর RUDN বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন।

এ সময় রাশিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক যুব কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, এসব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা শিক্ষা, বিজ্ঞান, গবেষণা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিনিময় কার্যক্রমে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
সংবাদ সম্মেলনে সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (SPIEF) ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল, ইস্টার্ন ইকোনমিক ফোরাম, নিউ জেনারেশন প্রোগ্রাম এবং “চিলড্রেন ফর পিস” আন্তর্জাতিক সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য ইন্টাররাশিয়া ফেলোশিপ প্রোগ্রাম, ওপেন ডায়ালগ এবং রোসআটমের আন্তর্জাতিক প্রকল্প “আইসব্রেকার অব নলেজ” সম্পর্কেও আলোচনা করা হয়। জানানো হয়, ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশ থেকে একজন করে শিক্ষার্থী রাশিয়ার পারমাণবিক আইসব্রেকারে চড়ে উত্তর মেরুতে বৈজ্ঞানিক অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন একাডেমিক অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যও তুলে ধরা হয়। বিশেষভাবে ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড ২০২৬-এ টিম বাংলাদেশের প্রজেক্ট রাউন্ডে বিজয় এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসিন মোহাম্মদের ব্রোঞ্জ পদক অর্জনের বিষয়টি উল্লেখ করা হয়। তাসিন অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা এবং ভবিষ্যতে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে নিজের উদ্যোগের কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে শিক্ষা ও ভাষাগত সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আলেকজান্দ্রা খ্লেভনয় জানান, আগামী আগস্টে রাশিয়া থেকে বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রুশ ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়া রাশিয়ান হাউসের সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির অংশ হিসেবে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা, চলচ্চিত্র উৎসব, শিল্প প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, ঐতিহ্যবাহী ক্রীড়া, যুব বিনিময় কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের অ্যাটাশে ও প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা “রাশিয়ার জনগণের ঐক্যের বছর” শীর্ষক উপস্থাপনা দেন। তিনি রাশিয়ার বহুজাতিক ও বহুধর্মীয় সমাজব্যবস্থা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, রাশিয়ার আন্তর্জাতিক শিক্ষা ও যুব কর্মসূচির অংশগ্রহণকারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, আন্তর্জাতিক যুব কর্মসূচি এবং বাংলাদেশ-রাশিয়া সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।





