ঢাকা | সোমবার, ২৯ জুন ২০২৬,১৫ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এ কর্মসূচি পালন করছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আহ্বান থাকলো প্রতি বছর একটি করে গাছের চারা রোপণ করবে।

সোমবার (২৯ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রধানমন্ত্রী বলেন, আমি অনেক শিক্ষক-শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। আমি এখানে একটি নিম গাছ রোপণ করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে এক লাখ নিম গাছের চারা পাঠিয়েছিলেন। সেই গাছকে সৌদিতে জিয়া ট্রি নামে ডাকা হয়। আমি তোমাদের একটা অনুরোধ করবো প্রত্যেকে একটি করে গাছ রোপণ করবে। শিক্ষকদের বলবো আপনারা দয়া করে শিক্ষার্থীদের উৎসাহ দেবেন। আগে দেশে অনেক বৃষ্টি হতো এখন আর বৃষ্টি হচ্ছে না। বহু গাছ আমাদের কেটে ফেলতে হচ্ছে এতে করে প্রাকৃতিক ভারসাম্য কমে যাচ্ছে। আমরা যেনো চেষ্টা করি প্রতি বর্ষা মৌসুমে একটি করে গাছ রোপণের। শিক্ষার্থীদের আহ্বান থাকলো প্রতি বছর একটি করে গাছের চারা রোপণ করবে। তোমাদের নতুন ভাই-বোন হলে তাদের নামেও একটি করে গাছ লাগাবে। সেই ভাই-বোনও বড় হবে আর গাছও বড় হবে।

এর আগে প্রধানমন্ত্রী আরো বলেন, আমি বিশ্বাস করি বিএনসিসি দেশের অবদানে নেতৃত্ব দিতে সক্ষম হবে। পরিশেষে তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।