ঢাকা | শুক্রবার, ১৯ জুন ২০২৬,৫ আষাঢ় ১৪৩৩

সবাইকে উচ্চ শিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সবাইকে উচ্চ শিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না। সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে।

শুক্রবার (১৯ জুন) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্ব নেতৃত্ব দিতে পারে। আর বর্তমান সরকার, সেভাবেই শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে।

এহসানুল হক মিলন বলেন, পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে, যেখানে পরীক্ষার ফলাফল, মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।