ঢাকা | রবিবার, ২১ জুন ২০২৬,৭ আষাঢ় ১৪৩৩

অবৈধভাবে পরীক্ষার ফল পরিবর্তন করলে পাঁচ বছর কারাদণ্ড

পাবলিক পরীক্ষার ফলাফল অবৈধভাবে পরিবর্তন করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং জরিমানা করা যাবে। এ ছাড়া পাবলিক পরীক্ষাকে ঘিরে সংগঠিতভাবে জালিয়াতি বা চক্র গঠন করলে কঠোর শাস্তি এবং জরিমানার বিধান রাখা হয়েছে।

এমন বিধান রেখে দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্স—সংশোধন) অ্যাক্টের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে বলা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১, ওই বছরের ১৫ জুলাই গেজেট আকারে প্রকাশিত হলেও সেটি কার্যকর করা হয়নি।