জুলাই মাসেই শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণ কার্যক্রমের পাইলট প্রকল্প প্রতিটি উপজেলার একাধিক স্কুলে একযোগে শুরু করা হবে। একই সঙ্গে অনার্স পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে এবং দেয়া হচ্ছে মেধাভিত্তিক বৃত্তি।
সোমবার (২৫ মে) বিকেলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মাহদী আমিন আরো জানান, শিক্ষা ও প্রযুক্তি খাতে আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি ওয়াই-ফাই ও স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণ। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু এবং ভর্তি ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
একই সঙ্গে কারিগরি শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে কর্মমুখী দক্ষতা উন্নয়নকে জোরদার করা হচ্ছে, শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর লিংকেজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও যুগোপযোগী কারিকুলাম উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সাথে প্রাধান্য দেওয়া হচ্ছে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গঠনের ব্যবহারিক বিষয়ে, যার ভিত্তি আনন্দময় শিক্ষা ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি।




