ঢাকা | শনিবার, ২৩ মে ২০২৬,৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন দ্যা স্টুডেন্ট জার্নালের রাকিব খান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্যা স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিব খান।

বৃহস্পতিবার (২১মে) প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল জানান, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই দুই পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। একইসঙ্গে অন্যান্য পদেও নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসফিকুর রহমান মুসফিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিমন ইসলাম।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা ২৪ এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবর বেলার রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত দ্যা স্টুডেন্ট জার্নালের সাংবাদিক রাকিব খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অর্থাৎ ২০তম আবর্তনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে প্রেসক্লাবের মতো পেশাদার সাংবাদিক সংগঠনে তার সদস্য পদে দায়িত্বে অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি সহকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে রাকিব খান বলেন, “আলহামদুলিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের মতো ঐতিহ্যবাহী, সুনামধন্য ও দায়িত্বশীল সংগঠনের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। অল্প সময়ের পথচলায় আমার প্রতি আস্থা রেখে যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের যোগ্য মনে করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি, সকলের সহযোগিতা ও দিকনির্দেশনায় সংগঠনের মর্যাদা সমুন্নত রাখতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যেতে পারবো।”

সকলের দোয়া চেয়ে তিনি বলেন, “বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, সৎ ও সাহসী সাংবাদিকতায় অটল থাকাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ ভাবে পালন করতে পারি সেজন্য আমি সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থী।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সফলতা কামনা করেছেন।

উল্লেখ্য, গত ১৭ মে সদস্যদের মতামত ও নির্বাচন সমন্বয়কের সুপারিশের ভিত্তিতে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। পরবর্তীতে ১৮ মে নির্বাচনী তফসিল ঘোষণা এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়। পরে নির্বাচন শেষে নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।