ঢাকা | বুধবার, ২০ মে ২০২৬,৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চবিতে র‌্যাগিং ও বুলিং নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) র‌্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় সভা আয়োজনের ক্ষেত্রে প্রক্টরের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। এ ধরনের কোনো আয়োজন করতে হলে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতির মাধ্যমে অনুমতি নিতে হবে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাস এবং আবাসিক হলে যেকোনো ধরনের র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। র‍্যাগিং ও বুলিং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র‍্যাগিং ও বুলিংয়ের শিকার শিক্ষার্থীর মানাসিক বিকাশে চরম বাধা সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে এতে বলা হয়, কেউ র‍্যাগিং ও বুলিং করলে বা কাউকে র‍্যাগিং ও বুলিং করতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগের নবীন শিক্ষার্থীদের সঙ্গে অন্য কোন বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করলে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির মাধ্যমে প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।