ঢাকা | বুধবার, ১৩ মে ২০২৬,৩০ বৈশাখ ১৪৩৩

আনোয়ারায় ‘সম্রাট গ্রুপ’ আতঙ্ক: মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলকাবাসী ও ব্যবসায়ীরা।

বুধবার (১৩ মে) উপজেলার কালাবিবির দিঘিস্থ এক কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠকালে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরী বলেন, উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামে গত কয়েক বছর যাবৎ কিছু ভাসমান মানুষ কিশোরগ্যাং, মাদককারবারী, চুরি, ছিনতাই, চাঁদাবাজী ও ধর্ষণের অঙ্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। সঙ্গবদ্ধ হয়ে গড়ে তুলেছে “সম্রাট গ্রুপ” নামের কিশোরগ্যাং। যাদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে ২ থেকে ১৭টি পর্যন্ত মামলা।

গত ১০মার্চ সম্রাট গ্রুপের মহিম নামের এক সদস্য হাসপাতাল মোড়ে একটি ছয় তলা ভবনে চুরি করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে নিহত হয়। এর জেরে সম্রাট গ্রুপের বাকী সদস্য এলাকায় ভয়াবহ তান্ডব শুরু করে। হামলা চালায় হাসপাতালের জরুরী বিভাগের দরজার গ্লাস, এম্বুলেন্স, ঘর- বাড়ী, দোকান পাটে। কুপিয়ে জখম করে শাকিল নামে একজন ব্যবসায়ীকে। এর পরপরই পুলিশ সম্রাট গ্রুপের প্রধান সম্রাট ও তার ফুফী রুবিসহ তিনজনকে গ্রেফতার করে এবং এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সম্রাটের চাচা জানে আলম (জাইন্যা) ও ফুফী রুবি জামিনে বের হয়ে এলাকার শান্তি প্রিয় জনগণের বিরুদ্ধে চট্টগ্রাম কোর্টে গিয়ে আদালতে দু’টি মিথ্যা মামলা দায়ের করে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় এবং ব্যবসায়ীরা এই কিশোর গ্যাং গ্রুপ সমূলে নির্মূল করার আহ্বান জানায় এবং এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাসেম, যুবদল নেতা মো. শাহজাহান, ছাত্রদল নেতা এইচ এম তারেকুল ইসলাম, শ্রমিকদল নেতা আলমগীর হোসেন, স্বেস্বাসেবকদল নেতা নিহাত উদ্দিন, স্থানীয় আবুল মনছুর, শোলকাটা হাসপাতাল মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের সওদাগর, আবছার উদ্দিন সিকদার, শহিদুল ইসলাম হান্নান, মোহাম্মদ আলমগীর চৌধুরী, ফরিদুল আলম, মোহাম্মদ হোসেন, পারভেজ, মোহাম্মদ টিটু, আবু শামা প্রমুখ ।